বর্ষাকালে তেজপাতার পানি পান করার উপকারিতা জানুন


রান্নার স্বাদ ও ঘ্রাণ বাড়াতে ব্যবহৃত পরিচিত মসলা তেজপাতা শুধু খাবারের উপকরণ নয়, এর রয়েছে নানা ভেষজ গুণও। আয়ুর্বেদে দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে তেজপাতা ব্যবহার হয়ে আসছে। বিশেষ করে বর্ষাকালে সর্দি-কাশি, মাথাব্যথা বা হজমের সমস্যায় অনেকেই তেজপাতা ভেজানো বা ফোটানো পানি পান করে থাকেন।
তেজপাতার কিছু সম্ভাব্য স্বাস্থ্যগত উপকারিতা নিচে দেওয়া হলো:
-
অ্যান্টিঅক্সিডেন্টের উৎস: তেজপাতায় থাকা পলিফেনল, ফ্ল্যাভনয়েড ও ভিটামিন সি-এর মতো অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সহায়তা করতে পারে। এসব উপাদান কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে এবং প্রদাহ কমাতে ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হয়।
-
হজম প্রক্রিয়া উন্নত করে: হজমের সমস্যা কমাতেও তেজপাতার ব্যবহার প্রচলিত। এতে থাকা কিছু উপাদান হজম প্রক্রিয়ায় সহায়তা করতে পারে এবং বদহজম, পেটফাঁপা বা হালকা পেটের অস্বস্তি কমাতে উপকারী হতে পারে।
-
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ: কিছু গবেষণায় তেজপাতার উপাদান রক্তে শর্করার মাত্রা ও গ্লুকোজ বিপাকে সম্ভাব্য প্রভাবের বিষয়টি উঠে এসেছে। তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এটি কোনোভাবেই ওষুধের বিকল্প নয়; স্বাস্থ্যকর জীবনযাপনের অংশ হিসেবে এটি গ্রহণের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।
-
হৃদ্স্বাস্থ্য ভালো রাখে: তেজপাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য উপাদান হৃদ্স্বাস্থ্যের জন্যও সহায়ক হতে পারে বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে। এগুলো শরীরে প্রদাহ কমাতে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে।
-
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: এ ছাড়া তেজপাতায় থাকা ভিটামিন এ, ভিটামিন সি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করতে পারে। ঋতু পরিবর্তনের সময়ে সর্দি-কাশির মতো সাধারণ সমস্যায় অনেকে তেজপাতা ফোটানো পানি পান করেন।
সতর্কতা: তেজপাতার পানি পান করলেই সব ধরনের রোগ দূর হবে—এমন কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। যেকোনো স্বাস্থ্যসমস্যায় চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় মূল চিকিৎসা চালিয়ে যাওয়া জরুরি।




