শাওনের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড, যা বললেন তামান্না সেতু

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক মাধ্যমে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের একটি ফেসবুক পোস্ট ঘিরে নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
এর জের কাটতে না কাটতেই এবার অভিনেত্রীর ফেসবুক অ্যাকাউন্টটি আর সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে না।
এ নিয়ে নেটদুনিয়ায় নানা জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়লেও মেহের আফরোজ শাওনের ঘনিষ্ঠ বান্ধবী ও লেখক তামান্না সেতু দাবি করেছেন— বিপুলসংখ্যক রিপোর্টের কারণে ফেসবুক কর্তৃপক্ষ অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ (সাসপেন্ড) করেছে। রবিবার (৫ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি করেন।
সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তামান্না সেতু লিখেছেন, “বন্ধু মেহের আফরোজ শাওনের ফেসবুক অ্যাকাউন্টটিতে প্রচুর রিপোর্টের কারণে ফেসবুক থেকে সাসপেন্ড করা হয়েছে। এর আগে তার যে পোস্টটি ঘিরে আলোচনা তৈরি হয়, সেই পোস্টটিও সে নিজে ডিলিট করেনি।”
তামান্না সেতু আরও জানান, ফেসবুক অ্যাকাউন্টটি হারিয়ে যাওয়ার বিষয়টি মেহের আফরোজ শাওন নিজেই তাকে ব্যক্তিগতভাবে নিশ্চিত করেছেন।
আইডি অদৃশ্য হওয়া বা সাসপেন্ড হওয়ার এই অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত মেহের আফরোজ শাওনের সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে ফেসবুকের মূল প্রতিষ্ঠান ‘মেটা’র পক্ষ থেকেও অ্যাকাউন্টটি সাসপেন্ড করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে কারিগরি কারণে নাকি অন্য কোনো নীতিমালার দায়ে অ্যাকাউন্টটি অদৃশ্য হয়েছে, তা এখনো নিশ্চিত নয়। তামান্না সেতুর বক্তব্যই এখন পর্যন্ত এই ঘটনার একমাত্র সূত্র।
এর আগে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক মাধ্যমে ও বিভিন্ন গণমাধ্যমে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় মেহের আফরোজ শাওনসহ ছয়জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জমা দেয় ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’।
সেই অভিযোগে বলা হয়— জুলাই গণ-অভ্যুত্থান এবং আন্দোলনসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্যের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে।



