ফটিকছড়িতে আগুন নেভার পর ফায়ার সার্ভিস আসায় ক্ষোভ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় দেরিতে পৌঁছানোর অভিযোগ তুলে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা ও ভাঙচুরের চেষ্টা চালিয়েছেন বিক্ষুব্ধ ব্যবসায়ী ও স্থানীয় লোকজন।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার হেঁয়াকো বাজারের একটি শপিং মলে এ ঘটনা ঘটে।

এ সময় উত্তেজিত জনতা ফায়ার সার্ভিসের গাড়ির দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে কর্মীদের মারধরেরও চেষ্টা চালায়। এতে ফায়ার সার্ভিসের গাড়ির কিছু অংশ বেঁকে যায়। পরে ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে হেঁয়াকো বাজারের একটি শপিং মলে হঠাৎ আগুন লাগে। এতে পাঁচটি দোকানের গুদাম পুড়ে যায়। ব্যবসায়ীদের ধারণা, একটি স্বর্ণের দোকান থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী ফায়ার সার্ভিস আসার আগেই নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ফটিকছড়ি ফায়ার স্টেশনের লিডার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল উদ্দীন চৌধুরী জানান, দুপুর ২টা ৫০ মিনিটে তারা আগুন লাগার খবর পান এবং সঙ্গে সঙ্গে একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। তবে ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ২৫ কিলোমিটার হওয়ায় পৌঁছাতে কিছুটা সময় লাগে।

তিনি বলেন,

“আমরা পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে ঘটনাস্থলে পৌঁছানোর পর দেরিতে আসার অভিযোগ তুলে কিছু লোক ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা আমাদের গাড়িতে হামলা ও ভাঙচুরের চেষ্টা করেন এবং কর্মীদের মারধর করতে উদ্যত হন।”

ঘটনার পর ফায়ার সার্ভিসের গাফিলতির প্রতিবাদ জানিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ বাজারের মূল সড়কে মানববন্ধন করেন। বিক্ষুব্ধ জনতা ফটিকছড়িতে ফায়ার সার্ভিসের সেবার মান বাড়াতে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

স্থানীয় ব্যবসায়ী ও ইউপি সদস্য মো. কামাল উদ্দিন বলেন,

“আমাদের সবচেয়ে কাছের ফায়ার স্টেশন রামগড়ে হলেও আমরা রামগড় ও ফটিকছড়ি—দুই স্টেশনেই খবর দিয়েছিলাম। কিন্তু ফটিকছড়ি থেকে ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে আগুন প্রায় পুরোপুরি নিভে যায়। এই এলাকাটি নতুন প্রস্তাবিত ফটিকছড়ি উত্তর উপজেলার আওতাধীন। জরুরি পরিস্থিতিতে দ্রুত সেবা নিশ্চিত করতে উত্তর ফটিকছড়িতে একটি নতুন ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন এখন সময়ের দাবি।”

হেঁয়াকো এবং রামগড় সীমান্তবর্তী ও আশপাশের বিস্তীর্ণ এলাকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাও অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনায় দ্রুত সেবা নিশ্চিত করতে উত্তর ফটিকছড়িতে নতুন ফায়ার স্টেশন স্থাপনের জোর দাবি জানিয়েছেন।

এদিকে চট্টগ্রামের চকবাজার এলাকায় একাধিক বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে চকবাজারের চট্টেশ্বরী সড়কে এই ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বৈদ্যুতিক লাইন এবং পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মো. আবু সামা জানান, চট্টেশ্বরী সড়কে মেডিকেল হোস্টেলের সামনে একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুনের সূত্রপাত হয় এবং বৃষ্টির মধ্যেই তা পার্শ্ববর্তী খুঁটিতে ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Related Articles

Back to top button