প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, নীলফামারীতে প্রধান শিক্ষক বরখাস্ত


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশামত রণচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে প্রাথমিক শিক্ষা বিভাগ রংপুরের বিভাগীয় উপপরিচালক আজিজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
শিক্ষা বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি একটি গণমাধ্যমে ‘প্রধানমন্ত্রীর অফিস সময়কে লোক দেখানো শোপিস বললেন প্রধান শিক্ষক’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। তদন্তে দেখা যায়, মো. শফিকুল ইসলাম বিদ্যালয়ে বিলম্বে উপস্থিত হয়েও মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, “আপনার এ ধরনের কর্মকাণ্ডের কারণে প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) অনুযায়ী অসদাচরণের অপরাধ। এই অপরাধে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী কিশামত রণচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।”



