অস্ত্রের মুখে ছিনতাই, ৩ বছর পর ঢাকায় মিলল মাইক্রোবাস


কক্সবাজারের ঈদগড় থেকে চালককে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করা একটি মাইক্রোবাস ঘটনার তিন বছর পর উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করতে না পারলেও ঘটনার সঙ্গে জড়িত আসামিদের শনাক্ত করার দাবি জানিয়েছে সংস্থাটি।
রোববার (৩০ আগস্ট) দুপুরে কক্সবাজারের কলাতলীতে পিবিআই কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিশেষ পুলিশ সুপার সাফিউল সারওয়ার।
তিনি জানান, তিন বছর আগে কক্সবাজার থেকে ঈদগড় বাজারে যাওয়ার উদ্দেশ্যে একটি মাইক্রোবাস ভাড়া করা হয়। নির্ধারিত স্থানে পৌঁছানোর পর সংঘবদ্ধ চক্রটি চালককে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়।
উক্ত মামলার সূত্র ধরে তদন্ত শুরু করে পিবিআই। নানা জটিলতা অতিক্রম করে অবশেষে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার বনশ্রী এলাকা থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।
বিশেষ পুলিশ সুপার আরও জানান, এ ঘটনায় জড়িতদের ইতোমধ্যে শনাক্ত করা গেছে এবং তাদের গ্রেপ্তারে পিবিআইয়ের অভিযান অব্যাহত থাকবে।




