সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, মামলায় আসামি অর্ধশত


সিলেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘ছাত্রলীগ’-এর ব্যানারে ঝটিকা মিছিল বের করা এবং পরবর্তীতে সেই ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পুলিশ মামলা দায়ের করেছে। এতে ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।
শনিবার সকালে সিলেট সদর উপজেলার তেমুখী এলাকায় ‘সদর উপজেলা ছাত্রলীগ’-এর ব্যানারে ২০-২৫ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। মিছিলে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দেয়।
মিছিলের পর সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী সফাত তাঁর ফেসবুক পেজে কর্মসূচির ছবি প্রকাশ করেন।
জনমনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সিলেট মহানগরীর জালালাবাদ থানায় রোববার (২ আগস্ট) রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মনজুরুল আলম জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।




