জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান স্মরণীয়: ববি হাজ্জাজ


জুলাই গণঅভ্যুত্থানে দেশের তরুণ সমাজের সাহস, ঐক্য ও আত্মত্যাগ ইতিহাসের এক অনন্য অধ্যায় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এ আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা আন্দোলনকে আরও শক্তিশালী করেছে বলে তিনি উল্লেখ করেন।
রোববার (২ আগস্ট) সন্ধ্যায় তেজগাঁওয়ের এমপেরিয়াল হোটেলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত ‘জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়: সাহস, সংগ্রাম ও আত্মত্যাগ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো একক ব্যক্তির একক নেতৃত্বে পরিচালিত হয়নি। বরং নানা রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং সর্বস্তরের শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে এ আন্দোলন সফলতা লাভ করে।
আন্দোলন-সংগ্রামে সাহসী ভূমিকা রাখলেও শিক্ষার্থীদের মূল পরিচয় বজায় রেখে পড়াশোনা ও নিজ নিজ দক্ষতায় মনোযোগ দিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার প্রাথমিক শিক্ষা থেকেই মূল্যবোধ ও সামাজিক সচেতনতামূলক শিক্ষা ব্যবস্থার ওপর বিশেষ জোর দিচ্ছে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিথিকা বিনতে হোসাইন এবং ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। এছাড়া বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উপাচার্য ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।




