ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট


জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সমাপ্ত হয়েছে। যুক্তিতর্কের জন্য আগামী ৪ আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ (অন্য দুই সদস্য: বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর) এই আদেশ দেন।
মামলার ২৭ নম্বর সাক্ষী তথা তদন্ত কর্মকর্তা আহমেদ নাসের উদ্দিন মোহাম্মদকে জেরা করার মাধ্যমে সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়।
আসামিদের তালিকা (সবাই পলাতক)
১. ওবায়দুল কাদের (সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ) ২. আ ফ ম বাহাউদ্দিন নাছিম (যুগ্ম-সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ) ৩. মোহাম্মদ আলী আরাফাত (সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী) ৪. শেখ ফজলে শামস পরশ (সভাপতি, যুবলীগ) ৫. মাইনুল হোসেন খান নিখিল (সাধারণ সম্পাদক, যুবলীগ) ৬. সাদ্দাম হোসেন (সভাপতি, ছাত্রলীগ) ৭. ওয়ালি আসিফ ইনান (সাধারণ সম্পাদক, ছাত্রলীগ)
জুলাই-আগস্টের ছাত্র আন্দোলন দমনে আসামিরা সমন্বিত নির্দেশ, উসকানিমূলক বক্তব্য, সহিংসতার পরিকল্পনা ও সশস্ত্র হামলা চালাতে ভূমিকা রাখেন। তাদের এসব কর্মকাণ্ডকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেছে প্রসিকিউশন।
গত বছরের ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন এবং চলতি বছরের ২২ জানুয়ারি সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।




