ঘরে বসেই মিলবে পাসপোর্ট, ভিসা-ইমিগ্রেশন আধুনিকায়নের উদ্যোগ

নাগরিক সেবা সহজ ও আধুনিক করতে আবেদনকারীর বাসায় সরাসরি পাসপোর্ট পৌঁছে দেওয়ার (হোম ডেলিভারি) উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে প্রচলিত স্টিকার ভিসার পরিবর্তে ‘অনলাইন ভিসা সিস্টেম’ চালুর পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাসপোর্ট অধিদপ্তরের সূত্রে এসব তথ্য জানা গেছে।


পাসপোর্ট পৌঁছে দেওয়ার এ পরিকল্পনা বাস্তবায়নে মোট ৮ লাখ ৭০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা) বরাদ্দের প্রয়োজন ধরা হয়েছে। এর মধ্যে ২০২৫-২৬ অর্থবছরে ২ লাখ ৯০ হাজার ইউরো এবং পরবর্তী ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) অবশিষ্ট ৫ লাখ ৮০ হাজার ইউরো প্রয়োজন হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হোম ডেলিভারির বিষয়টি নীতিগতভাবে ইতিবাচক বিবেচনায় থাকলেও তা বাস্তবায়নের আগে বাজেট, নিরাপদ বিতরণব্যবস্থা এবং প্রযুক্তিগত সক্ষমতা নিশ্চিত করা হবে। সংবেদনশীল রাষ্ট্রীয় নথি হওয়ায় প্রতিটি ধাপে শক্তিশালী পরিচয় যাচাই, নিরাপদ হস্তান্তরের জন্য ‘চেইন অব কাস্টডি’ ও ডিজিটাল ট্র্যাকিং নিশ্চিত করা হবে।

নিরাপত্তা বিশ্লেষক কর্নেল (অব.) কাজী শরীফ উদ্দিন ও প্রশাসনিক আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার জাহিদ রহমান মনে করেন, এটি অত্যন্ত জনবান্ধব পদক্ষেপ হলেও তথ্যের সুরক্ষা, ভুল ব্যক্তির হাতে হস্তান্তরের ঝুঁকি এড়ানো এবং আইনি জবাবদিহি নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে।

ইমিগ্রেশন ও ভিসা ব্যবস্থায় গতি আনতে সর্বাধুনিক প্রযুক্তির অনলাইন ভিসা সিস্টেম চালুর জন্য প্রশাসনিক অনুমোদন ও পাইলটিং কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করা হয়েছে।

প্রবাসে থাকা পাসপোর্টবিহীন বাংলাদেশি নাগরিকরা যাতে জরুরি ভিত্তিতে দেশে ফিরতে পারেন, সে জন্য সব দূতাবাস থেকে ই-ট্রাভেল পারমিট ইস্যুর ব্যবস্থা পাইলটিং আকারে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে ভিসা ব্যবস্থাপনা চালুর জন্য ২৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি মিশনগুলোতে ১২১টি নতুন পদে দক্ষ জনবল পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে।

স্থানীয় সেবা তরান্বিত করতে ১৪ জন সহকারী পরিচালকসহ একাধিক কারিগরি পদে জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া কুমিল্লায় সেবাগ্রহীতাদের চাপ কমাতে গৌরীপুরে একটি নতুন ‘পাসপোর্ট প্রসেসিং সেন্টার’ (এপিসি) স্থাপনের প্রস্তাব করা হয়েছে।

Related Articles

Back to top button