স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ অভিনেত্রী অদিতি শর্মার


হিন্দি টেলিভিশন ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী অদিতি শর্মা তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গুরুতর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন। এ ঘটনায় তিনি মুম্বাইয়ের গোরেগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন।
গত ৩১ জুলাই তাঁর স্বামী অভিনীত বিদ্যানন্দ কৌশিক, শাশুড়ি উর্মিলা কৌশিক এবং ননদ কীর্তি কৌশিকের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়।
২০২১ সালে একটি অনলাইন অ্যাক্টিং ওয়ার্কশপে অভিনীতের সাথে অদিতির পরিচয় ও পরবর্তীতে প্রেম হয়। ২০২৪ সালের সেপ্টেম্বরে তারা একসাথে থাকা শুরু করেন এবং ওই বছরের ১২ নভেম্বর দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়।
বিয়ের পর থেকেই অদিতির ওপর পোশাক-আশাক এবং সংসারের নানা তুচ্ছ বিষয় নিয়ে গালিগালাজ ও মারধর শুরু হয় বলে অভিযোগ। তিনি দাবি করেন, তাঁর স্বামী সংসারের খরচ চালানোর বদলে তাঁর থেকে টাকা নিতেন এবং চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ করে মোবাইল চেক করতেন।
অদিতির অভিযোগ, তাঁর শাশুড়ি বিয়ের সোনার ও হীরার গয়না আটকে রেখেছেন এবং একাধিকবার ফেরত চাইলেও দেননি। এছাড়া তাঁকে তাঁর বাবা-মায়ের সাথে যোগাযোগ করতেও বাধা দেওয়া হতো। পারিবারিক সালিশিতে শাশুড়ি ও ননদও স্বামীর পক্ষ নিয়ে মানসিক নির্যাতন চালাতেন বলে তিনি জানান।
ঘটনার পর গোরেগাঁও থানা পুলিশ মামলাটি নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে।




