‘মাদকের নেশায় মানুষ চুরি-ডাকাতি থেকে ধর্ষণের মতো অপরাধে জড়ায়’


মাদক শুধু ব্যক্তির জীবন ধ্বংস করে না, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় হুমকি উল্লেখ করে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম) বলেছেন, মাদকের নেশায় আসক্ত ব্যক্তি একসময় চুরি, ডাকাতি, ছিনতাই, অনলাইন জুয়া এমনকি ধর্ষণের মতো ভয়াবহ অপরাধেও জড়িয়ে পড়ে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে মাগুরার শ্রীপুর থানা চত্বরে আয়োজিত কমিউনিটি পুলিশিং সভা ও নবগঠিত কমিউনিটি পুলিশিং ফোরামের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাগুরা জেলা পুলিশের প্রতিটি সদস্যকে ডোপ টেস্টের আওতায় আনা হবে। ইতোমধ্যে পুলিশ সদস্যদের মোবাইল ফোন পরীক্ষা করে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ গঠনে শ্রীপুর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যদেরও ডোপ টেস্টের আওতায় আনার পরিকল্পনার কথা জানান পুলিশ সুপার। একই সাথে ফোরামের কেউ ধূমপান বা মাদকে জড়িত থাকলে তা অবিলম্বে পরিহারের আহ্বান জানান।
কোরআনসহ সব ধর্মগ্রন্থে নেশাজাতীয় দ্রব্য থেকে বিরত থাকার নির্দেশ রয়েছে এবং রাষ্ট্রীয় আইনেও মাদক নিষিদ্ধ উল্লেখ করে সবাইকে মাদক ও অনলাইন জুয়া থেকে দূরে থাকার অনুরোধ করা হয়।
সহকারী পুলিশ সুপার বাপ্পী কুমার দাসের সঞ্চালনা ও শ্রীপুর থানার ওসি ওলি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণ এবং গ্রাম্য সংঘর্ষ প্রতিরোধে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেওয়া হয়।




