সুদানে আদালতে সেনাবহিনীর ড্রোন হামলা: নিহত ৩৫


সুদানের উত্তর দারফুরে একটি ঐতিহ্যবাহী স্থানীয় গ্রাম আদালতে সুদান সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত ৩৫ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। মানবাধিকার সংগঠন ‘ইমার্জেন্সি লইয়ার্স’ ও বার্তা সংস্থা আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।
রোববার (২ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১টার দিকে উত্তর দারফুরের গারা আল-জাওয়াইয়া গ্রামে এ হামলা চালানো হয়। এলাকাটি বর্তমানে আধাসামরিক বাহিনী ‘র্যাপিড সাপোর্ট ফোর্সেস’ (আরএসএফ)-এর নিয়ন্ত্রণে রয়েছে।
স্থানীয় বিরোধ ও মামলার শুনানি চলাকালে একটি গাছের নিচে পরিচালিত ঐতিহ্যবাহী আদালতে এই ড্রোন হামলা চালানো হয়। এতে স্থানীয় বিচারক, চার উপজাতীয় নেতা এবং আরএসএফের ২ জন কমান্ডারসহ অন্তত ৩৫ জন বেসামরিক লোক নিহত হন।
২০২৩ সালের এপ্রিল থেকে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং আরএসএফ প্রধান মোহাম্মদ হামদান দাগালোর মধ্যে এই রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলছে। জাতিসংঘের তথ্যমতে, চলতি বছরের প্রথম পাঁচ মাসেই ড্রোন হামলায় সহস্রাধিক বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন।




