মিরপুর বিআরটিএতে দালালদের বিরুদ্ধে অভিযান


রাজধানীর মিরপুর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে দালালচক্রের পাঁচ সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
গত সোমবার দুপুর দুইটার দিকে কাফরুল থানাধীন মিরপুর বিআরটিএ কার্যালয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
আনসার সূত্রে জানা যায়, বিআরটিএ কার্যালয়ে আসা সেবাগ্রহীতাদের বিভিন্ন কাজ দ্রুত করে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আদায়ের সময় কয়েকজনের কার্যক্রম সন্দেহজনক মনে হয়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের উপস্থিতিতে প্লাটুন কমান্ডার মো. খোরশেদ আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে আটক পাঁচজনের মধ্যে হিরাকে (২০) ২০ দিন এবং মো. ইয়াছিন (৩১), মো. আব্দুর রহিম (৪৬), মো. জামাল (৩৮) ও মো. মামুনুর রশিদকে (২৯) এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ড কার্যকরের পর তাদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সরকারি সেবাপ্রতিষ্ঠানে গ্রাহকদের হয়রানি ও দালালদের দৌরাত্ম্য রোধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।




