অ্যাপ্রোন খালি করতে শাহজালালের ১২ পরিত্যক্ত উড়োজাহাজ বিক্রির সিদ্ধান্ত

মো. আরিফ হোসেন চৌধুরী: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকায় প্রায় এক দশক ধরে পড়ে থাকা ১২টি পরিত্যক্ত উড়োজাহাজ বাজেয়াপ্ত করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।


দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এখন আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এগুলো স্ক্র্যাপ হিসেবে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে ইউনাইটেড এয়ারওয়েজের ৮টি, রিজেন্ট এয়ারওয়েজের ২টি, জিএমজি এয়ারলাইন্সের ১টি এবং অ্যাঞ্জেল এয়ারওয়েজের ১টিসহ মোট ১২টি উড়োজাহাজ ১ লাখ ৯২ হাজার ১০০ বর্গফুট এলাকা দখল করে রেখেছে। এতে বিমানবন্দরের কার্গো কার্যক্রম, উড়োজাহাজ পার্কিং ও রাজস্ব আয় ব্যাহত হচ্ছে।

বেবিচক জানিয়েছে, আন্তর্জাতিক মান অনুযায়ী ভিত্তিমূল্য নির্ধারণ করতে যে খরচ হবে, উড়োজাহাজ বিক্রি করে তা পাওয়া যাবে কি না সন্দেহ রয়েছে। তাই প্রচলিত নিয়ম অনুযায়ী ভিত্তিমূল্য নির্ধারণ না করে সরাসরি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নিলাম করার প্রস্তাব অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

নিবন্ধন বাতিল ও একাধিকবার চূড়ান্ত নোটিশ দেওয়ার পর সব আইনি প্রক্রিয়া শেষ করে ২০২৪ সালের মে মাসে উড়োজাহাজগুলো বাজেয়াপ্ত করে বেবিচক।

সংস্থাটির সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডর আবু সাঈদ মেহবুব খান এবং এভিয়েশন বিশেষজ্ঞরা জানান, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে মূল্যবান জায়গা উদ্ধার হবে, কার্গো ও অপারেশনাল সক্ষমতা বাড়বে এবং দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটবে।

Related Articles

Back to top button