ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৫৮ গ্রেপ্তার, উদ্ধার ২৮ লাখ টাকার জালনোট


রাজধানী ঢাকা জুড়ে পরিচালনা করা ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৪৫৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় অপরাধ সংক্রান্ত ঘটনায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির বিভিন্ন বিভাগ ও ডিবি-সিটিটিসির সমন্বয়ে চালানো এই অভিযানে সর্বাধিক ১৩৫ জনকে গ্রেপ্তার করা হয় মিরপুর বিভাগ থেকে। এছাড়া উত্তরা থেকে ৭১ জন ও তেজগাঁও থেকে ৫৭ জনসহ অন্যান্য বিভাগ থেকেও বহু আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে আসামিদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য (গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল), অস্ত্র (ওয়ান শাটারগান ও সামুরাই), নগদ টাকা, মোবাইল ফোন এবং ২৮ লাখ টাকার জালনোট জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।




