লক্ষ্মীপুরে গ্যাসের দাবিতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ


লক্ষ্মীপুরে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস না পেয়ে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক অবরোধ করেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। দীর্ঘ এক ঘণ্টা ধরে চলা এই অবরোধের কারণে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজট তৈরি হয় এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
রোববার (২ আগস্ট) রাত ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত জেলা শহরের ইসলাম মার্কেট সংলগ্ন ‘গ্রীন লাইফ ফিলিং স্টেশন’-এর সামনে এ অবরোধ কর্মসূচি পালিত হয়।
চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে একমাত্র ফিলিং স্টেশনটি বন্ধ থাকায় দূরদূরান্ত থেকে অতিরিক্ত টাকা ও সময় খরচ করে গ্যাস আনতে হচ্ছে। পাম্পের কর্মকর্তা-কর্মচারীরা তালা ঝুলিয়ে চলে যাওয়ায় চালকরা রাস্তায় নামতে বাধ্য হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালকদের সাথে আলোচনা করে। এটি একটি জাতীয় সংকট—তা বুঝিয়ে বলার পাশাপাশি চালকদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দিলে ঘণ্টাখানেক পর তারা অবরোধ তুলে নেন।
বর্তমানে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক কামরুল হাসান।




