অর্থ সাহায্য চাইতে গিয়ে অশালীন প্রস্তাবের শিকার মডেল আকাঙ্ক্ষা চৌধুরী

ভারতের মডেল আকাঙ্ক্ষা চৌধুরী বিনোদন জগতের এক তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। রিয়্যালিটি শো ‘লক আপ: সাচ ইয়া সাজা’-তে নিজের জীবনের এক অন্ধকার অভিজ্ঞতার কথা শেয়ার করে তিনি জানান, সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য অর্থনৈতিক সাহায্য চাইতে গিয়ে কীভাবে তিনি অশালীন প্রস্তাবের শিকার হয়েছিলেন।

একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতে ১ থেকে ২ লাখ রুপির প্রয়োজন হওয়ায় সামর্থ্য না থাকায় আকাঙ্ক্ষা ইন্ডাস্ট্রির এক প্রভাবশালী ব্যক্তির কাছে যান। তিনি ভেবেছিলেন কাজের বিনিময়ে সেই অর্থ পরিশোধ করবেন, কারণ ওই ব্যক্তি এর আগেও অনেককে আর্থিক সাহায্য করেছেন বলে তিনি শুনেছিলেন।

অর্থ সাহায্যের আশ্বাস দিয়ে সেই ব্যক্তি আকাঙ্ক্ষাকে তার বাড়িতে ডাকেন। সেখানে যাওয়ার পর তাকে হেনস্থা করা হয় এবং ১ থেকে ২ লাখ রুপি সাহায্যের বিনিময়ে মাসে অন্তত পাঁচ-ছয় বার যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার কুপ্রস্তাব দেওয়া হয়।

আকাঙ্ক্ষা সঙ্গে সঙ্গে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তাকে ‘সেকেলে চিন্তাভাবনার’ বলে কটাক্ষ করা হলেও তিনি নিজের আত্মসম্মান ও অবস্থানে অনড় থাকেন।

রিয়্যালিটি শো-এর মঞ্চে এমন ঘটনা প্রকাশের পর সঞ্চালক ফারাহ খান এবং রিতেশ দেশমুখ তার সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন। ফারাহ খান তাকে সমর্থন জানিয়ে বলেন যে, তার চিন্তাভাবনা মোটেই সেকেলে ছিল না এবং তিনি আকাঙ্ক্ষাকে নিয়ে গর্বিত।

Related Articles

Back to top button