দুই বছরের প্রেমের পর বিয়েতে টালবাহানা, প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থান


দুই বছরের সম্পর্কের পর বিয়ের প্রতিশ্রুতি থেকে সরে আসার অভিযোগ তুলে প্রেমিক নাঈম মিয়ার বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী।
ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের শিংলাবো এলাকায়। শুক্রবার (৩১ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এই অবস্থান শনিবারও অব্যাহত ছিল।
ভুক্তভোগী তরুণী নরসিংদীর শিবপুরের বাসিন্দা। তার অভিযোগ, নাঈম বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক রাখলেও সম্প্রতি বিয়ে নিয়ে টালবাহানা ও যোগাযোগ এড়িয়ে চলছেন। অধিকার আদায় ও বিয়ের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি সেখান থেকে সরবেন না বলে জানান।
নাঈমের মা জানিয়েছেন, তরুণীর অভিভাবক আসার পর সম্পর্কের প্রমাণ মিললে পারিবারিকভাবে বিয়ের ব্যবস্থা করা হবে। তবে এ বিষয়ে অভিযুক্ত নাঈমের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জসিম জানান, লিখিত কোনো অভিযোগ না পাওয়ায় আইনি ব্যবস্থা নেওয়া হয়নি, তবে বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা চলছে।




