গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদ ইসলামের

সরকারকে পাঁচ বছর অতিক্রম করার সুযোগ দেওয়া হবে না জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের ৭০ শতাংশ মানুষের রায় অস্বীকার করে কোনো সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে না।


শুক্রবার (৩১ জুলাই) রাতে আহত আলিফ চৌধুরীকে দেখতে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম জানান, হবিগঞ্জে হামলার শিকার কিশোর আলিফের একটি চোখের দৃষ্টি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং অন্য চোখও ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি অভিযোগ করেন, সরকারি বাহিনীর হামলা এবং ছাত্রদলের নেতার জড়িত থাকার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও কোনো আইনগত বা সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। সরকার তাদের পৃষ্ঠপোষকতায় থাকা সন্ত্রাসীদের লাইসেন্স দিচ্ছে বলেও তিনি দাবি করেন।

সরকারি নীতির তীব্র সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত গ্যাস ও সিএনজির দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে, যার ফলে দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে। দেশে বিনিয়োগ কমছে, শিল্পকারখানা বিদ্যুৎ সংকটে ভুগছে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে দলীয় লোক বসানো হচ্ছে।

জ্বালানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, গ্যাসের দাম বাড়ানো হলে তারা পেট্রোবাংলা ঘেরাও কর্মসূচি পালন করবেন এবং সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামবেন। একই সঙ্গে তিনি জানান, এনসিপি সরকারের কাছে কোনো বিচার বা সহানুভূতি প্রত্যাশা করে না এবং জনগণের শক্তিতেই এই দমন-পীড়ন প্রতিরোধ করা হবে।

Related Articles

Back to top button