ফরিদপুরে মাকে হত্যার অভিযোগে ছেলে আটক


জেলা প্রতিনিধি: ফরিদপুর সদর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান ডাঙ্গী মহল্লার বাসিন্দা সামেলা বেগম (৬৫) হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার ছেলে রহিম শেখকে (৩২) আটক করেছে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ।
হত্যাকাণ্ডের আট ঘণ্টা পর বৃহস্পতিবার রাত আটটার দিকে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের লহরপাড়া গ্রামে ফুফুর বাড়ি থেকে তাকে আটক করা হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি আরও জানান, ১০ বছর আগে সৎ মাকে হত্যার পরও অভিযুক্ত ব্যক্তি একই এলাকায় আত্মগোপন করেছিলেন। সামেলা বেগম হত্যার ঘটনায় নিহতের বড় ছেলে শাহিন শেখ বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রহিম শেখ তার মা সামেলা বেগমকে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে যান। নিহত সামেলা বেগম ওই এলাকার বাসিন্দা মৃত মুদি ব্যবসায়ী আকবর শেখের স্ত্রী। পুলিশ জানায়, ১০ বছর আগে রহিম শেখ তার সৎ মাকেও একইভাবে হত্যা করেছিলেন। ওই ঘটনায় ছয় বছর কারাভোগের পর চার বছর আগে তিনি জামিনে বের হন।
পুলিশ ও স্থানীয়রা জানান, অভিযুক্ত রহিম শেখ মাদকাসক্ত ছিলেন এবং মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতেন।




