সৎ মাকে হত্যার ১০ বছর পর এবার নিজের মাকেও হত্যার অভিযোগ


ফরিদপুর শহরে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন ছেলের হামলায় সামেলা বেগম (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে রাহিম শেখ (৩২) পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমান মোল্লাডাঙ্গী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সামেলা বেগম ওই এলাকার মৃত আকবর শেখের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় সামেলা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। স্বজন ও স্থানীয়দের দাবি, মাদক সেবনের টাকার জন্য প্রায়ই পরিবারের সঙ্গে বিরোধে জড়াতেন রাহিম। সেই জেরেই তিনি মাকে ভারী বস্তু দিয়ে থেঁতলে হত্যা করেন। এর আগে ২০১৬ সালেও তিনি নিজের সৎ মাকে হত্যা করেছিলেন এবং ওই মামলায় বেশ কয়েক বছর জেল খাটেন।
ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত ও ওসি মো. মাহমুদুল হাসান জানান, প্রাথমিক তদন্তে অভিযুক্তের ঘর থেকে ফয়েল পেপার ও মোমবাতিসহ মাদক সেবনের আলামত পাওয়া গেছে। ঘাতক ছেলেকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।




