আলিফ চৌধুরীর চিকিৎসার খরচ বহন ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি এনসিপির


জাতীয় ছাত্রশক্তির হবিগঞ্জ জেলা শাখার নেতা আলিফ চৌধুরীর চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন এবং তার ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন আলিফকে দেখার পর এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
সংবাদ সম্মেলনে আখতার হোসেন জানান, হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রায় হামলায় আলিফ চৌধুরী তার একটি চোখ হারিয়েছেন এবং অন্য চোখেও ঝাপসা দেখছেন। শুধু হবিগঞ্জেই নয়, সিলেটে শহীদদের কবর জিয়ারত শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলা চালানো ছাড়াও দেশের বিভিন্ন স্থানে কুড়িগ্রাম, দিনাজপুর ও চট্টগ্রামে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন।
বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকারও আওয়ামী লীগের মতো বিরোধী দলের ওপর হামলা ও নিপীড়নের পথ বেছে নিয়েছে।
এ সময় তিনি সরকারের কাছে তিন দফা দাবি জানান:
-
আলিফ চৌধুরীর চিকিৎসার পুরো খরচ বহন, তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া।
-
হবিগঞ্জসহ বিভিন্ন স্থানের হামলায় জড়িত ছাত্রদল, যুবদল ও বিএনপির চিহ্নিতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচার করা।
-
এনসিপিসহ সব গণতান্ত্রিক বিরোধী দলের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করা।




