অতিরিক্ত পররাষ্ট্রসচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন


পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত পররাষ্ট্রসচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৮তম ব্যাচের এই কর্মকর্তা ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহকারী সচিব হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি ব্যাংকক, রোম, ম্যানচেস্টার ও ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সবশেষ তিনি সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
রাষ্ট্রদূত ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। তারা মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।




