মিরপুরে দেয়াল ধসে আহতদের দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, সব খরচের দায়িত্ব সরকারের


রাজধানীর মিরপুরে দেয়াল ধসে আহতদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। হাসপাতালে গিয়ে তিনি আহতদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং তাদের পরিবারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, দুর্ঘটনায় আহতদের চিকিৎসার যাবতীয় খরচ সরকারের পক্ষ থেকে বহন করা হবে। চিকিৎসায় যাতে কোনো ধরনের ত্রুটি না থাকে, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, রোগীদের হাসপাতালে কোনো প্রকার খরচ বহন করতে হবে না। বাইরে থেকে কোনো ওষুধ বা চিকিৎসা সামগ্রী কিনতে হলে তার হিসাব রাখা হবে এবং সরকার তা পরিশোধ করবে। ইতিমধ্যে রোগীদের প্রাথমিক খরচ হিসেবে নগদ অর্থও প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার বেলা দেড়টার দিকে রাজধানীর মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান। এ ঘটনায় আহত ছয়জনের মধ্যে পাঁচজন নিটোরে এবং একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে আহতরা সবাই শঙ্কামুক্ত রয়েছেন।
পরিদর্শনকালে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌস আরা মিষ্টি এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আবুল কেনান উপস্থিত ছিলেন।




