ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, জেল-জরিমানা

রংপুরে বিআরটিএর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অন্য প্রার্থীর হয়ে ‘প্রক্সি’ পরীক্ষা দিতে এসে ধরা পড়েছেন ইকবাল হাসান রাকিব নামে এক যুবক।

ঘটনার পর সুযোগ বুঝে পালিয়ে গেলেও পরে রাতে আত্মসমর্পণ করলে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টায় রংপুর নগরীর মডেল মসজিদে স্থাপিত বিআরটিএ পরীক্ষাকেন্দ্রে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান এ শাস্তি প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত রাকিব পীরগাছার কদমতলা এলাকার বাসিন্দা। তিনি মূল পরীক্ষার্থী আব্দুল করিমের পরিবর্তে লিখিত পরীক্ষা দিতে এসেছিলেন।

সোমবার সকালে লিখিত পরীক্ষা চলাকালে সন্দেহ হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এতে তিনি প্রক্সি দেওয়ার কথা স্বীকার করেন। তবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এক অফিস সহায়ককে ধাক্কা দিয়ে রাকিব ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পালিয়ে যাওয়ার পর মূল পরীক্ষার্থী আব্দুল করিম ও প্রক্সি পরীক্ষার্থী রাকিবের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি নেওয়া হলে তারা রাতে এসে ভ্রাম্যমাণ আদালতের কাছে আত্মসমর্পণ করেন।

ভুয়া পরীক্ষা দেওয়ার অপরাধে ১ হাজার টাকা জরিমানা (অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড) এবং সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড) দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. শাহান জানান, বিআরটিএর ড্রাইভিং লাইসেন্সে প্রক্সি দেওয়া এ চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button