আসামে বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৬৮, তবে কমেছে প্লাবিত জেলা

ভারতের আসাম রাজ্যে চলতি বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৮ জনে পৌঁছেছে, তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সঙ্গে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় উপদ্রুত জেলার সংখ্যা ১৬টি থেকে কমে ৬টিতে নেমে এসেছে।


সোমবার (২৭ জুলাই) দেওয়া আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএসডিএমএ) সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

বর্তমানে ক্ষতিগ্রস্ত ৬টি জেলা হলো— চরাইদেও, শিবসাগর, জোরহাট, গোলাঘাট, কামরূপ (মেট্রোপলিটন)। বুলেটিন অনুযায়ী, এসব জেলায় বর্তমানে ৪ লাখ ৪৫ হাজার ৪৯৫ জন মানুষ পানিবন্দি বা ক্ষতিগ্রস্ত অবস্থায় আছেন, যা দু’দিন আগের (৫ লাখ ২৪ হাজার) তুলনায় কম।

বন্যা কবলিত এলাকাগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা চরাইদেও জেলায়, যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১ লাখ ৮৮ হাজারের বেশি মানুষ। এছাড়া শিবসাগরে ১ লাখ ৪৪ হাজার এবং জোরহাটে প্রায় ৭৪ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত।

দুর্গতদের সহায়তায় খোলা ৯০টি আশ্রয়শিবিরে বর্তমানে ২৮ হাজার ৬৯৫ জন আশ্রয়ে আছেন। পাশাপাশি ৯৪টি ত্রাণ বিতরণ কেন্দ্র থেকে সহায়তা দেওয়া হচ্ছে। দুর্গম এলাকাগুলোতে কেন্দ্রীয় বাহিনী এনডিআরএফ, রাজ্যের এসডিআরএফ ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনী উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

চলতি জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে এই বন্যার সৃষ্টি হয়। বন্যায় রাজ্যটির প্রায় ৩৭ হাজার ১৩৯ হেক্টর জমির ফসল পানির নিচে রয়েছে এবং ভেসে গেছে ২৬ হাজারের বেশি গবাদিপশু।

Related Articles

Back to top button