ওমর ফারুক যুবরাজের নেতৃত্বে ১৬০ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর এনসিপিতে যোগদান

জুলাই অভ্যুত্থান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মুখ্য সংগঠক ওমর ফারুক যুবরাজের নেতৃত্বে দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৬০ জন শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন।

শুক্রবার বিকেল ৪টায় জাতীয় যুবশক্তির কনভেনশনে এই যোগদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে জুলাই আন্দোলনের আহ্বায়ক, সদস্য সচিব ও অন্যান্য নেতৃত্বদানকারী শিক্ষার্থীরা একযোগে এনসিপিতে যোগ দেন।

জুলাই অভ্যুত্থান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠিত করা, আন্দোলনে নেতৃত্ব প্রদান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ওমর ফারুক যুবরাজ। তাঁর নেতৃত্বে আন্দোলনের বিভিন্ন পর্যায়ে সক্রিয় ভূমিকা রাখা নেতৃবৃন্দ জাতীয় নাগরিক পার্টির রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার সিদ্ধান্ত নেন।

অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল, সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল এবং সাংগঠনিক সম্পাদক রিফাত নবাগতদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন। এ সময় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আক্তার হোসেন, নুসরাত তাবাসসুম, হান্নান মাসুদ, গাজী সালাহউদ্দিন তানভির, মাহিন সরকার, নাসির পাটোয়ারীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

যোগদানকারী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন ওমর ফারুক যুবরাজ, রবিউল আলম আকামিন, বাদশা, তাজরিয়ান মাহমুদ এবং মাহমুদ হাসান তুহিন। তাঁরা বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে তাঁরা জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেছেন।

এই যোগদানকে জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাজনৈতিক সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Related Articles

Back to top button