রায়পুরে আ.লীগ নেতার বসতঘর থেকে ১৮টি অস্ত্র উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার বসতঘর থেকে ১৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।


সোমবার (২০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারসংলগ্ন পুরোনো বেড়িবাঁধ এলাকার আবুল হোসেন সর্দারের বাড়িতে এই অভিযান চালানো হয়। অভিযুক্ত আবুল হোসেন ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।

পুলিশ জানায়, অভিযানে রামদা ও চাপাতিসহ বিভিন্ন ধরনের মোট ১৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আবুল হোসেন সর্দার পালিয়ে যাওয়ায় এবং তার মুঠোফোন বন্ধ থাকায় তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, পারিবারিক বিরোধের জেরে আবুল হোসেনের সঙ্গে তার স্ত্রী খালেদা আক্তারের দ্বন্দ্ব চলছিল। সোমবার দুপুরে আবুল হোসেন শ্যালককে নিয়ে নদীতে মাছ ধরতে গেলে খালেদা পুলিশকে ঘরে অস্ত্র থাকার কথা জানান। এর ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, স্বামীকে ফাঁসানোর উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে পুরো বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Articles

Back to top button