পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের ছবি


বাংলাদেশের সাধারণ ই-পাসপোর্টের ভেতরের পাতায় বড় ধরনের পরিবর্তন আসছে। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও মোহাম্মদ ওয়াসিমের ছবি জলছাপ (Watermark) হিসেবে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রবিবার (১৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নতুন এই পরিবর্তনের অংশ হিসেবে ই-পাসপোর্টের ৩২ ও ৩৩ নম্বর পৃষ্ঠায় জলছাপ হিসেবে স্থান পাচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক মুহূর্ত এবং তরুণদের আত্মত্যাগের স্মৃতি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে।
অনুমোদিত নতুন নকশা অনুযায়ী, পাসপোর্টের বিভিন্ন পৃষ্ঠায় দেশের নানা ঐতিহাসিক স্থাপনা, প্রাকৃতিক ঐতিহ্য ও জাতীয় প্রতীক স্থান পেয়েছে:
জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, কান্তজিউ মন্দির, লালবাগ দুর্গ, পানামনগর ও কার্জন হল।
ঝাউবনসহ কক্সবাজার সমুদ্রসৈকত, সুন্দরবন, টাঙ্গুয়ার হাওর ও নীলগিরি।
জাতীয় ফুল শাপলা, পাখি দোয়েল, মাছ ইলিশ, ফল কাঁঠাল এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ‘সংগ্রাম’।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, পাসপোর্টের ডাটা পেজে আগের নিয়মই বহাল থাকছে। অর্থাৎ, ইসরাইল ব্যতীত বিশ্বের সব দেশের জন্য এই পাসপোর্ট বৈধ থাকবে।




