চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

চতুর্থ সন্তানের বাবা-মা হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্স।


স্থানীয় সময় রোববার (১৯ জুলাই) সকালে মেরিল্যান্ডের বেথেসদায় অবস্থিত ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে তাদের এক ছেলে সন্তানের জন্ম হয়। এক যৌথ বিবৃতিতে তারা এই আনন্দের খবরটি ভাগ করে নেন।

বিবৃতিতে তারা জানান, নবজাতকের নাম রাখা হয়েছে অ্যালেক নীল ভ্যান্স। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ আছেন এবং পরিবারের অন্য সন্তানরাও তাদের ছোট ভাইকে পেয়ে অত্যন্ত আনন্দিত।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, অ্যালেক নীল ভ্যান্স যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রায় দেড় শতাধিক বছরের মধ্যে দায়িত্বে থাকা কোনও ভাইস প্রেসিডেন্টের ঘরে জন্ম নেওয়া প্রথম সন্তান। এর আগে সর্বশেষ উনিশ শতকে (১৮৭০ সালে) তৎকালীন মার্কিন ভাইস প্রেসিডেন্ট স্কাইলার কোলফ্যাক্স দায়িত্বে থাকাকালীন বাবা হয়েছিলেন।

ওহাইও অঙ্গরাজ্যের বাসিন্দা জেডি ভ্যান্স এবং ভারতীয় অভিবাসী পরিবারের সন্তান উষা ভ্যান্স ইয়েল ল স্কুলে পড়ার সময় একে অপরের পরিচিত হন এবং ২০১৪ সালে বিয়ে করেন। এই দম্পতির ঘরে আরও তিনটি সন্তান রয়েছে: ইওয়ান (প্রথম ছেলে, জন্ম: ২০১৭), বিবেক (দ্বিতীয় ছেলে, জন্ম: ২০২০), মিরাবেল (একমাত্র মেয়ে, জন্ম: ২০২১)

সাবেক মার্কিন মেরিন সেনা জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রে জন্মহার কমে যাওয়ার বিষয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছেন এবং ২০২১ সালে সিনেট নির্বাচনের সময় থেকেই তিনি বেশি সন্তান নেওয়ার পক্ষে জনমত তৈরি করে আসছেন।

Related Articles

Back to top button