দুই বছরের শিশু এখনো জানে না তার মা আর ফিরবে না


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ সুমাইয়া আক্তারের মৃত্যুর দুই বছর পূর্ণ হলো আজ। ২০২৪ সালের ২০ জুলাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লায় নিজ বাসার বারান্দায় দাঁড়িয়ে হেলিকপ্টার দেখার সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
মায়ের মৃত্যুর সময় সুমাইয়ার একমাত্র কন্যা সুবাইয়ার বয়স ছিল মাত্র কয়েক মাস। বর্তমানে তার বয়স ২ বছর ২ মাস ১৭ দিন। এত ছোট বয়সে শিশুটি এখনো বোঝেনি যে তার মা আর কোনোদিন ফিরবে না। সে এখন তার খালা আসমা আক্তারের কাছে লালিত-পালিত হচ্ছে এবং খালাকেই নিজের মা বলে চিনে নিয়েছে।
মাতৃহীন এই শিশুটিকে নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছে পরিবারটি। সুমাইয়ার মা ও বোনের অভিযোগ, সুবাইয়ার বাবা নিয়মিত সন্তানের খোঁজখবর বা দায়িত্ব নিচ্ছেন না। শিশুটির লালন-পালন, শিক্ষা ও চিকিৎসার ব্যয়ভার বহন করা পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে। তারা সুমাইয়া হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার পাশাপাশি এতিম শিশু সুবাইয়ার নিরাপদ ভবিষ্যতের জন্য সরকারি সহায়তার আকুল আবেদন জানিয়েছেন।
সুমাইয়া আক্তারের মৃত্যুর পর ২০২৪ সালের ২২ আগস্ট তার দুলাভাই বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। পরবর্তীতে আদালতের নির্দেশে মৃত্যুর প্রায় চার মাস পর, ২০ নভেম্বর ময়নাতদন্তের জন্য পাইনাদী কেন্দ্রীয় ঈদগাহ কবরস্থান থেকে সুমাইয়ার লাশ উত্তোলন করা হয়েছিল।




