রাজশাহীতে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

রাজশাহীতে জুলাই মাসের টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। রোববার সকালে নগরীর চন্ডিপুর এলাকায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।

জেলা প্রশাসক জানিয়েছেন, চলতি জুলাই মাসে নগরীসহ জেলার ৯টি উপজেলায় মোট এক লাখ ৭৪ হাজার ৫৭ জন কার্ডধারী পরিবার এ সুবিধা পাচ্ছেন। নগরীতে ৩৬টিসহ পুরো জেলায় ৮৩টি ডিলার পয়েন্ট থেকে ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি করা হচ্ছে।

এবার ৪৫৮ টাকার প্যাকেজে দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই ধরনের সাবান দেওয়া হচ্ছে। দুই লিটার সয়াবিন তেল ২০০ টাকা, দুই কেজি মসুর ডাল ১২০ টাকা এবং এক কেজি চিনি ৭০ টাকা।

৪৫ টাকা মূল্যের গায়ে মাখা সাবান ও ২৩ টাকা দরের কাপড় কাঁচা সাবান ক্রেতার ইচ্ছে অনুযায়ী বিক্রি হবে। একজন ক্রেতা চাইলে সাবান নিতে পারবেন আবার নাও নিতে পারবেন।

জেলা প্রশাসক জানিয়েছেন, সরকারি এ সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় সঠিকভাবে পৌঁছে দিতে মাঠ প্রশাসন নিয়মিত মনিটরিং নিশ্চিত করছে।

টিসিবির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান জানান, টিসিবি প্যাকেজে ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল বরাদ্দ থাকলেও, জুলাই মাসে চালের বরাদ্দ নেই। আগামী মাস থেকে ভর্তুকি মূল্যে চাল বিক্রি করা হবে।

Related Articles

Back to top button