দুদকের মামলায় ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

অবৈধ সম্পদ অর্জনের দায়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী ইসরাত জাহানকে (দিপা) ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।


একই সঙ্গে আসামির প্রায় এক কোটি ৭০ লাখ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে ফরিদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ইসরাত জাহান উপজেলার রূপাপাত ইউনিয়নের কদমী গ্রামের সাবেক চেয়ারম্যান মরহুম মো. মিজানুর রহমান মোল্লার স্ত্রী।

দুদকের আইনজীবী শেখ কোব্বাত হোসেন জানান, ২০২০ সালের ৩০ নভেম্বর দুর্নীতির অভিযোগে মামলাটি করা হয়। আদালত ৩ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি আসামিকে ৫ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এ ছাড়া আসামির ১ কোটি ৬৯ লাখ ৪ হাজার ২৭১ টাকার অবৈধ সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়।

তবে অর্থপাচার আইনের অভিযোগ প্রমাণিত না হওয়ায় এবং আসামির পূর্বের হাজতবাসের সময়সূচি সাজার সঙ্গে সমন্বয় করার কথা জানানো হয়েছে।

Related Articles

Back to top button