বাংলাদেশি দর্শনার্থীদের জন্য চীনের বিশেষ ভিসা ব্যবস্থা ঘোষণা

আগামী ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চীনের গুয়াংঝুতে অনুষ্ঠিতব্য ১৪০তম ‘চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার’ (ক্যান্টন ফেয়ার) উপলক্ষে বাংলাদেশি দর্শনার্থীদের জন্য বিশেষ ভিসা সুবিধা ঘোষণা করেছে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস।

মঙ্গলবার (২৮ জুলাই) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, মেলায় অংশগ্রহণে ইচ্ছুক আবেদনকারীদের জন্য মেলার সরকারি আমন্ত্রণপত্রটিই একমাত্র বাধ্যতামূলক নথি হিসেবে গণ্য হবে।

দূতাবাস জানায়, ভিসা প্রক্রিয়া দ্রুত ও সহজ করতে অনলাইন আবেদনের সময় পূর্ববর্তী ভিসা, ভ্রমণের রেকর্ড এবং প্রতিষ্ঠানের গ্যারান্টি লেটার সহায়ক নথি হিসেবে আপলোড করতে হবে। আবেদনপত্র অপূর্ণ বা ভুল হলে তা ফেরত দেওয়া হবে। কোনো তথ্য গোপন, জালিয়াতি বা ভুয়া কাগজপত্র জমা দিলে ভিসা প্রত্যাখ্যানসহ ভবিষ্যতে চীন ভ্রমণের সুযোগ বন্ধ হতে পারে। তাই আবেদনকারীদের কোনো থার্ড-পার্টি এজেন্সি বা মধ্যস্বত্বভোগীর ওপর ভরসা না করে সতর্কতার সঙ্গে নিজের আবেদনপত্র পূরণের পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, চীন দূতাবাস ভিসা পরিষেবার জন্য কোনো এজেন্ট বা সংস্থাকে অনুমোদন দেয়নি। তাই ‘ভিসা নিশ্চিতকরণ’ বা ‘বিশেষ চ্যানেলে ভিসা’ জাতীয় প্রতারণামূলক দাবি থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। আবেদনকারীর ব্যক্তিগত যোগ্যতা ও মেয়াদের নিয়ম অনুযায়ীই দূতাবাস ভিসা মঞ্জুরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

Related Articles

Back to top button