ধামরাইয়ে ডাম্প ট্রাকের চাপায় দুই স্কুলছাত্র নিহত

ঢাকার ধামরাইয়ে মাটিবাহী ডাম্প ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক কিশোর গুরুতর আহত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে ধামরাই পৌরসভার আইঙ্গন সেতু এলাকায় ধামরাই-কালিয়াকৈর বাইপাস সড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুণ্ডু এলাকার মোহাম্মদ আলীর ছেলে মহিম (১৪) এবং একই এলাকার রুবেল হোসেনের ছেলে অনিক (১৫)। আহত অপর কিশোর আতাউল্লাহ (১৭) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে কালিয়াকৈরমুখী লেনে মোটরসাইকেলটি একটি মাটিবাহী ডাম্প ট্রাককে ওভারটেক করার চেষ্টা করছিল। ওই সময় দ্রুতগতির ট্রাকটি মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে তিন আরোহীই ছিটকে পড়ে মারাত্মক আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মহিম ও অনিককে মৃত ঘোষণা করেন।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) নান্নু মণ্ডল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাটিবাহী ট্রাকের ধাক্কায় দুই স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Related Articles

Back to top button