সাবেক পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর


প্রাপ্তবয়স্কদের জন্য কনটেন্ট প্রস্তুতকারীদের (অ্যাডাল্ট কনটেন্ট ক্রিয়েটর) অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়ে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার সিনেটর হিসেবে শপথ নিয়েছেন সাবেক পর্নো তারকা দেইসি আলেহান্দ্রা ওমানিয়া ওরতিজ। পর্নো দুনিয়ায় তিনি ‘আমারান্তা হ্যাঙ্ক’ নামে পরিচিত ছিলেন।
সংবাদমাধ্যম লা ওপিনিয়ন-এর বরাতে জানা যায়, গত সোমবার রাজধানী বোগোতায় বামপন্থী জোট ‘হিস্টোরিক প্যাক্ট’-এর সদস্য হিসেবে ৩৩ বছর বয়সী ওরতিজ সিনেটর হিসেবে শপথ নেন।
পেশায় সাংবাদিক ওরতিজ ২০১৭ সালে সাংবাদিকতা ছেড়ে পর্নো জগতে যোগ দেন এবং দুই বছর পর ২০১৯ সালে তা ছেড়ে দিয়ে বামপন্থী রাজনীতিতে যুক্ত হন। গত মার্চে নরতে দে সান্তানদার অঞ্চল থেকে প্রার্থী হয়ে তিনি সিনেট সদস্য নির্বাচিত হন।
কাজের অংশ হিসেবে প্রাপ্তবয়স্কদের কনটেন্ট নির্মাতাদের সামাজিক সুরক্ষার অধিকার নিশ্চিত, মানসিক স্বাস্থ্যসেবা এবং যৌন নিপীড়ন প্রতিরোধের বিষয়ে আইন প্রণয়নের জোর দাবি তুলেছেন তিনি। এ খাতের প্রতি সমাজের কুসংস্কার ও দ্বিমুখী নীতির সমালোচনা করে তিনি বলেন, তাঁর এই কাজের অভিজ্ঞতা বৈষম্য, স্বাধীনতা এবং জনমুখী অর্থনীতি বুঝতে সাহায্য করেছে।
সিনেটে সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হওয়া পেত্রোর দল ‘হিস্টোরিক প্যাক্ট’-এর প্রার্থী তালিকার ২৩তম স্থানে ছিলেন ওরতিজ। এদিকে বিদায়ী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর মেয়াদ শেষে আগামী ৭ আগস্ট দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন রক্ষণশীল রাজনীতিক অ্যাবেলার্দো দে লা এসপ্রিয়েল্লা।




