নওগাঁয় সুগন্ধি চালের দাম অস্বাভাবিক বৃদ্ধি, কেজিতে বাড়ল ৮০ টাকা


ধান-চাল উৎপাদনের শীর্ষ জেলা নওগাঁর বাজারে গত কিছুদিন ধরে সুগন্ধি ও সরু চালের দামে চরম অস্থিরতা দেখা দিয়েছে। দুই সপ্তাহের ব্যবধানে সুগন্ধি (আতপ) চালের দাম কেজিতে ৮০ টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে ২০০ টাকায়, যা আগে ছিল ১২০ টাকা। এছাড়া কাটারি ও অন্যান্য সরু চালের দামও কেজিতে ৩ থেকে ৪ টাকা পর্যন্ত বেড়েছে।
হঠাৎ চালের এই অস্বাভাবিক বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতা ও খুচরা ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, বড় মিলমালিক ও করপোরেট প্রতিষ্ঠানগুলোর চাল মজুত এবং সিন্ডিকেটের কারণেই বাজারে এই কৃত্রিম সংকট।
তবে অবৈধ মজুতের অভিযোগ অস্বীকার করেছেন মিলমালিক ও ব্যবসায়ী নেতারা। তাদের দাবি, আন্তর্জাতিক বাজারে সরকারিভাবে আতপ চাল রপ্তানি চালু থাকা এবং স্থানীয় হাটে ধানের বাড়তি দামই (প্রতি মণ আতপ ধান ৩,৭০০ টাকা) চালের মূল বৃদ্ধির মূল কারণ।
জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফরহাদ খন্দকার জানান, রপ্তানির প্রভাবেই মূলত চালের দাম কিছুটা বেড়েছে। অবৈধ মজুত প্রতিরোধে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে খাদ্য বিভাগের কর্মকর্তারা নিয়মিত রাইস মিলগুলোতে নজরদারি চালিয়ে যাচ্ছেন।




