দুবাই থেকে আনা ৬৫ লাখ টাকার কর ফাঁকির সিগারেট জব্দ


শুল্ক-কর ফাঁকি দিয়ে দুবাই থেকে আনা প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। চট্টগ্রাম হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে এসব সিগারেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে কাস্টমস গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ বিমানের (বিজি-১৪৮) যাত্রী মোহাম্মদ সোহেলের তিনটি ব্যাগেজ তল্লাশি করা হয়। তল্লাশিতে ‘মোন্ড’ ও ‘এসে লাইটস’ ব্র্যান্ডের মোট ২৩৫ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সিগারেটের প্রাক্কলিত শুল্ক-কর ৬২১.৬৩ শতাংশ। জব্দ করা এসব সিগারেট চট্টগ্রাম আইসিডি কাস্টম হাউসের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।




