বেসরকারি হাসপাতালের নকশা ও পার্কিং অনিয়ম: চউকের এক মাসের আল্টিমেটাম

চট্টগ্রাম নগরের বেসরকারি হাসপাতালগুলোতে নকশাবহির্ভূত নির্মাণ, পার্কিং সংকট ও অগ্নিনিরাপত্তার ঘাটতি চিহ্নিত করে অনিয়ম শুধরে নিতে এক মাসের সময় বেঁধে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। নির্দিষ্ট সময়ের মধ্যে অনিয়ম দূর না করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের নেতৃত্বে চউকের একটি পরিদর্শক দল নগরের মেহেদিবাগ ও পাঁচলাইশ এলাকার বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল (ন্যাশনাল, ম্যাক্স, এরিস্ট্রোকেয়ার, ইপিক ও পপুলার হাসপাতাল) সরেজমিনে পরিদর্শন করে এসব তথ্য জানান।

পরিদর্শনে দেখা যায়, অধিকাংশ হাসপাতালই আবাসিক বা আবাসিক-কাম-বাণিজ্যিক ভবনের অনুমোদন নিয়ে পরিচালিত হচ্ছে। পার্কিংয়ের জায়গায় দোকান, ওয়াশিং প্ল্যান্ট বা অন্যান্য স্থাপনা গড়ে তোলা হয়েছে এবং নির্ধারিত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নেই। এর মধ্যে ইপিক হাসপাতালের এক্সটেনশন ভবনের সব কার্যক্রম অনতিবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এবং পপুলার হাসপাতাল কর্তৃপক্ষের নির্ধারিত খোলা জায়গা দখলের প্রমাণ মিলেছে।

অনিয়মের বিষয়ে চউক চেয়ারম্যান জানান, হাসপাতাল একটি জনবহুল স্থাপনা হওয়ায় এখানে পর্যাপ্ত পার্কিং ও অগ্নিনিরাপত্তা থাকা বাধ্যতামূলক। পরিদর্শনের পর আগামী সোমবার সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নকশা ও প্রয়োজনীয় নথিপত্র নিয়ে চউক কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button