কামরাঙ্গীরচরে পারিবারিক কলহে বিষপানে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কামরাঙ্গীরচরে পারিবারিক কলহের জের ধরে বিষপানে শিল্পী বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে কামরাঙ্গীরচর থানাধীন আলীনগর বড়গ্রাম চেয়ারম্যানবাড়ি রোডের মুসলিম হাজীর বাড়ির দ্বিতীয় তলার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। স্বজনেরা তাকে উদ্ধার করে রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৯টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার উলিপুরা গ্রামে। তিনি দুই ছেলে ও এক মেয়ের জননী ছিলেন। তার স্বামীর নাম বাদল মিয়া।

নিহতের স্বামী বাদল মিয়া জানান, তিনি কাজের উদ্দেশ্যে বাইরে ছিলেন। বড় ছেলে ফোন করে মায়ের বিষপানের বিষয়টি জানালে তিনি দ্রুত বাসায় গিয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাদল মিয়া আরও জানান, পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো এবং দুদিন আগে এ নিয়ে বাড়ির মালিক তার স্ত্রীকে শাসিয়েছিলেন।

নিহতের ছেলে সেলিম জানান, ছোট বোনের ডাকে ঘুম থেকে উঠে তিনি তার মাকে অসুস্থ অবস্থায় দেখতে পান। পরে বাবাকে খবর দিলে তিনি এসে মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, যেখানে তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকদের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে।

Related Articles

Back to top button