মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ নিরাপদ মনে করে স্টেট ডিপার্টমেন্ট


নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণ নিরাপদ মনে করছে দেশটি। সে উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ট্রাভেল অ্যাডভাইজরি লেভেল-৩ (পুনর্বিবেচনা) থেকে কমিয়ে লেভেল-২ (সতর্কতা বাড়ানো) ক্যাটাগরিতে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মার্কিন ট্রাম্প প্রশাসনের সিনিয়র কর্মকর্তা সার্জিও গর এ তথ্য জানান।
পোস্টে সার্জিও গর বলেন, “আজ সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জানিয়েছি—দারুণ খবর! স্টেট ডিপার্টমেন্ট স্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশকে নিরাপদ মনে করছে এবং ট্রাভেল অ্যাডভাইজরি লেভেল-৩ থেকে লেভেল-২-এ নামিয়ে আনা হয়েছে। তবে কয়েকটি নির্দিষ্ট এলাকায় বাড়তি বিধিনিষেধ রয়েছে, যা এড়িয়ে চলা উচিত।”
মার্কিন সরকারের এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বাংলাদেশের সামগ্রিক নিরাপত্তা পরিবেশ ও স্থিতিশীলতার ওপর তাদের ক্রমবর্ধমান আস্থারই প্রতিফলন। গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সারা দেশে আইনশৃঙ্খলা জোরদারে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। এটি দুই দেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের ইতিবাচক গতিপথ নির্দেশ করে।
বাংলাদেশ সরকার এই উন্নতিকে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ ও দুই দেশের জনগণের সম্পর্ক জোরদারের ধারাবাহিক প্রচেষ্টার একটি বড় স্বীকৃতি হিসেবে দেখছে।




