আনোয়ারায় চারতলা থেকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু


চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চারতলার ছাদ থেকে নিচে পড়ে মোহাম্মদ আবির নামের তিন বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) রাত নয়টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল কবিরের দোকান এলাকার গুলবাহার বিল্ডিংয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবির উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা বার আউলিয়া ইসমাইল মিয়াজী বাড়ির মোহাম্মদ দিলোয়ারের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সবার চোখ ফাঁকি দিয়ে শিশু আবির ভবনের ছাদে চলে যায় এবং একপর্যায়ে ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্থানীয় ইউপি সদস্য মো. জমির হোসেন জানান, অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে যাওয়ার পর শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাবউদ্দিন চৌধুরী জানান, ভবন থেকে পড়ে যাওয়া ওই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




