শিশুকে উত্ত্যক্ত করে টিকটকে ভিডিও পোস্ট, যুবক আটক


জেলা প্রতিনিধি: ফেনী সদর উপজেলার গোবিন্দপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ছয় বছর বয়সী এক শিশুকে উত্ত্যক্ত করে সেই ঘটনার ভিডিও টিকটকে পোস্ট করার অভিযোগে মোজাম্মেল হোসেন প্রকাশ হোসাইন (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা সৃষ্টি হলে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। পরে সন্ধ্যায় শহরতলীর লালপোল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
আটক মোজাম্মেল হোসেন কুমিল্লার চান্দিনা উপজেলার মৈশাইল এলাকার মনির হোসেনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে ফেনী সদর উপজেলার উত্তর সিলোনিয়া মাদানিয়া মাদরাসা সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থাকেন।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ফেনী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় অ্যাডভোকেট মহিউদ্দিন রহমানের বাড়ির সামনে স্কুল থেকে বাড়ি ফিরছিল শিশুটি। এ সময় কয়েকজন যুবক তার পথরোধ করেন। তাদের মধ্যে দুজন শিশুটির হাত ধরে টানাটানি ও অশালীন আচরণ করে শ্লীলতাহানি ও উত্ত্যক্ত করেন। অপর একজন পুরো ঘটনার ভিডিও ধারণ করে পরে টিকটকে পোস্ট করেন।
এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার পরদিন শিশুটি তার বাবাকে পুরো বিষয় জানায়। পরে ৩০ জুলাই সকালে স্বজনদের মাধ্যমে পরিবার জানতে পারে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও দেখে স্থানীয়দের সহায়তায় অভিযুক্তদের পরিচয় শনাক্ত করে শিশুটির বাবা ফেনী মডেল থানায় মামলা করেন। ঘটনার পর থেকে শিশুটি আতঙ্কিত হয়ে পড়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।
মামলার অন্য আসামিরা হলেন—পশ্চিম সিলোনিয়া এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে সালমান (২০) এবং যাত্রাসিদ্ধি এলাকার মনির আহাম্মদের ছেলে মাহফুজ (১৯)।
এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ জানান, সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে এক শিশুকে উত্ত্যক্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত মোজাম্মেল হোসেনকে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। এছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




