বেগুনের কেজি ১৫০ আর ৪০০ ছুঁই ছুঁই কাঁচা মরিচ

টানা বৃষ্টির কারণ দেখিয়ে চড়া দামে বিক্রি হচ্ছে রাজধানীর বাজারের প্রায় সব ধরনের সবজি। সবজির মধ্যে বেগুনের দাম সবচেয়ে বেশি, যা মানভেদে ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ৩৮০ থেকে ৪০০ টাকায়।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর মালিবাগ ও রামপুরাসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বেশিরভাগ সবজির দামই ৮০ থেকে ১২০ টাকার ঘরে আটকে আছে।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ঢ্যাঁড়স ৮০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, পটোল ৮০ টাকা, বরবটি ১২০ টাকা, টমেটো ১৩০ টাকা, গাজর ১২০ টাকা এবং ধন্দুল ও লতি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে মিষ্টি কুমড়া (৬০ টাকা কেজি) ও পেঁপে (৪০ টাকা কেজি)। এছাড়া লম্বা বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকায়।

ভোক্তারা বলছেন, বৃষ্টি কমলেও বাজারে সবজির চড়া দাম কমেনি। বেশিরভাগ সবজি ১০০ টাকার ওপরে বিক্রি হওয়ায় সাধারণ মানুষের কেনাকাটা কঠিন হয়ে পড়েছে।

অন্যদিকে বিক্রেতারা জানান, সাম্প্রতিক টানা বৃষ্টিতে ফসলের খেত ও কাঁচা মরিচের গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকরা খেত থেকে সবজি তুলতে না পারায় বাজারে সরবরাহ কমে গেছে, যার প্রভাবেই দাম বাড়তি। আগামী কিছুদিন সবজির দাম এমন চড়া থাকবে বলেই ইঙ্গিত দিয়েছেন ব্যবসায়ীরা।

Related Articles

Back to top button