রোহিঙ্গা ইস্যুতে ডব্লিউএফপি কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের আলোচনা

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। সম্প্রতি রোমে আয়োজিত এই বৈঠকে রোহিঙ্গা সংকট মোকাবিলা ও মানবিক সহায়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

সোমবার (৩০ জুন) রোমে বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হয়। ডব্লিউএফপির সহকারী নির্বাহী পরিচালক রানিয়া দাগাশ-কামারার সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করার ওপর জোর দেন।

ডব্লিউএফপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক সামির এস ওয়ানমালির সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ডব্লিউএফপির মানবিক ও খাদ্য সহায়তা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে, বর্তমানে বিদ্যমান অর্থায়ন সংকট নিরসনে সংস্থাটিকে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান তিনি।

রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তার ধারাবাহিকতা রক্ষা এবং সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে বাংলাদেশ সরকার নিরলস কাজ করে যাচ্ছে বলে রাষ্ট্রদূত এ সময় উল্লেখ করেন।

Related Articles

Back to top button