প্রতিমন্ত্রীর স্বাক্ষর ও সিল জাল করা টুকু শেখের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম, পদবি সম্বলিত সিল ও স্বাক্ষর জাল করে অবৈধ তদবির বাণিজ্য চালানোর অভিযোগে মোংলা থেকে টুকু শেখ (৩৫) নামে এক সংঘবদ্ধ চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত টুকু শেখ বিভিন্ন সময়ে রাজনৈতিক খোলস পালটে আওয়ামী লীগ, জামায়াত ও এনসিপি হয়ে সর্বশেষ ‘শ্রমিক দল’-এর পরিচয় ব্যবহার করে আসছিলেন।
বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম ভাঙিয়ে অবৈধ সুবিধা ও তদবির বাণিজ্যের অভিযোগ পায় পুলিশ। এরপর রোববার (২ আগস্ট) দিনভর প্রযুক্তিগত সহায়তায় অভিযান চালিয়ে মোংলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার কাছ থেকে প্রতিমন্ত্রীর ভুয়া নাম-পদবি সম্বলিত সিল ও স্ট্যাম্প জব্দ করা হয়েছে। রোববার রাতে তার বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণার মামলা দায়ের করে মোংলা থানা পুলিশ।
মোংলা থানার ওসি মো. আতিকুর রহমান জানান, এ প্রতারক চক্রের সাথে জড়িত অন্য আসামিদের গ্রেফতায় বিশেষ পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।




