গাজীপুরে নিহত শ্রমিকের গায়েবানা জানাজায় পুলিশের সাউন্ড গ্রেনেড, ছত্রভঙ্গ এনসিপি


গাজীপুরে বকেয়া ও মজুরি বৃদ্ধির আন্দোলনে নিহত পোশাকশ্রমিক তৌফিক হোসেনের গায়েবানা জানাজা আয়োজনে বাধা দিয়েছে পুলিশ। এসময় জাতীয় গণফ্রন্ট বা এনসিপির (ন্যাশনাল সিটিজেনস পার্টি) নেতাকর্মীদের লক্ষ করে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলে কর্মসূচিটি ছত্রভঙ্গ হয়ে যায়।
বুধবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গাইবান্ধার গোবিন্দগঞ্জের তরুণ শ্রমিক তৌফিক হোসেন (২০)। তার মাগফিরাত কামনায় চান্দনা চৌরাস্তায় গায়েবানা জানাজার আয়োজন করে এনসিপি। জানাজা শুরুর পূর্বে সেখানে এনসিপির কেন্দ্রীয় নেতা আলী নাসের খানসহ শ্রমিক শক্তির নেতারা বক্তব্য প্রদান করেন।
বক্তব্য শেষে উপস্থিত নেতাকর্মীরা গায়েবানা জানাজা পড়ার প্রস্তুতি নিলে পুলিশ এতে বাধা দেয়। বাধা সত্ত্বেও জানাজা চালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
ঘটনার বিষয়ে এনসিপির কেন্দ্রীয় নেতা আলী নাসের খান অভিযোগ করে বলেন, পোশাকশ্রমিক তৌফিক হত্যার বিচার ও শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বানে তাদের শান্তিপূণ কর্মসূচিতে পুলিশ অন্যায়ভাবে বাধা ও হামলা চালিয়েছে।
অন্যদিকে গাজীপুর শিল্প পুলিশের সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, এনসিপির নেতারা ব্যস্ততম মহাসড়ক অবরোধ করে জানাজার প্রস্তুতি নিচ্ছিলেন। এতে তীব্র যানজট ও বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় বারণ করা হলেও তারা তা শোনেননি। পরবর্তীতে বাধ্য হয়ে মহাসড়ক সচল রাখতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেওয়া হয়।




