এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ


স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। তিনি বিদায়ী ডিজি আহসান হাবীব পলাশের স্থলাভিষিক্ত হলেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ফারুক আহমেদসহ অতিরিক্ত আইজিপি ও ডিআইজি পদমর্যাদার মোট সাত কর্মকর্তার দায়িত্ব রদবদল করা হয়।
হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে মহাসড়কে শৃঙ্খলা আনয়ন, চাঁদাবাজি-ডাকাতি রোধ এবং অপরাধ নিয়ন্ত্রণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরা ও সিসিটিভির মতো প্রযুক্তির ব্যবহারে বিশেষ সাফল্য দেখান ফারাক আহমেদ। তার নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সিসিটিভি নজরদারিতে আনা হয় এবং ১৬টি পয়েন্টে এআই ক্যামেরা স্থাপন করা হয়।
ফারুক আহমেদের বাড়ি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কৈডালা গ্রামে। তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ট্রিপল-ই (EEE) বিভাগে স্নাতক শেষ করে ১৯৯৮ সালে ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে এএসপি হিসেবে যোগ দেন।
সুদীর্ঘ কর্মজীবনে সৎ ও দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেলেও বগুড়ায় জন্মসূত্রে বিগত সরকারের আমলে তিনি পদোন্নতি থেকে বঞ্চিত হন। ২০০৯ সালে ময়মনসিংহের এসপি হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র ১৭ দিনের মাথায় তৎকালীন রাষ্ট্রপতির হস্তক্ষেপে তাকে প্রত্যাহার করা হয়েছিল। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি ডিআইজি পদে পদোন্নতি পান এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) হিসেবে দায়িত্ব পালন করেন।




