ইরান রাসায়নিক হামলা চালাতে পারে, ইসরায়েলিদের গোয়েন্দাদের তথ্য


আমেরিকা ও উপসাগরীয় আরব দেশগুলোর ওপর ইরান রাসায়নিক হামলা চালাতে পারে বলে গোয়েন্দা তথ্য দিয়েছে ইসরায়েল। তবে ইসরায়েলি গোয়েন্দাদের এই তথ্য নিয়ে সংশয় ও সন্দেহ প্রকাশ করেছে সংশ্লিষ্ট দেশগুলো।
মঙ্গলবার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইসরায়েলি গোয়েন্দাদের দাবি—ইরানের পারমাণবিক হুমকির চেয়ে এই মুহূর্তে রাসায়নিক হামলার ঝুঁকি আরও বেশি গুরুতর। তাদের দাবি অনুযায়ী, ইরান মিসাইলের মাধ্যমে রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রযুক্তি দ্রুত উন্নত করছে এবং শত্রু দেশগুলোর অভ্যন্তরে তা পাচারের চেষ্টা করছে।
তবে মার্কিন প্রশাসনিক কর্মকর্তাদের একটি অংশ ইসরায়েলের এমন দাবিকে সন্দেহের চোখে দেখছেন। তাদের ধারণা, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হয়ত যুক্তরাষ্ট্র ও আরব মিত্রদের ইরানের বিরুদ্ধে পুনরায় তীব্র সামরিক অভিযানে নামাতে এই ষড়যন্ত্রের কৌশল নিতে পারেন। অন্যদিকে, উপসাগরীয় আরব দেশগুলোর কর্মকর্তারা এই তথ্যকে এক প্রকার ‘গুরুত্বহীন’ বা অবাস্তব হিসেবে উড়িয়ে দিয়েছেন। তবে অন্য কিছু কর্মকর্তা সতর্কবার্তাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার পক্ষে মত দিয়েছেন।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ইরানের সম্ভাব্য রাসায়নিক হামলার সতর্কবার্তা দিলেও তাদের সাম্প্রতিক সামরিক মহড়াগুলোতে এমন কোনো পরিস্থিতির উপযোগী অনুশীলন দেখা যায়নি।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের সাথে যোগাযোগ করা হলে তারা সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’কে জানায়, ইরানের যেকোনো ধরনের হুমকিকেই ইসরায়েল অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে এবং তা প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।
(সূত্র: নিউইয়র্ক টাইমস, টাইমস অব ইসরায়েল)




