টঙ্গীর মাঠে সে রাতে কী ঘটেছিল, জিজ্ঞাসাবাদ করা হবে টহল পুলিশের সদস্যদের

তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধারের ঘটনায় টঙ্গীর মাজার বস্তি সংলগ্ন মাঠের রাতের ঘটনাকে ঘিরে তদন্তে নতুন মোড় নিয়েছে। সেই রাতে সেখানে দায়িত্ব পালন করা টহল পুলিশ সদস্যদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে তদন্তকারী দল। মামলার অন্যতম আসামি ও তাহসিফের সাথে থাকা গ্রেপ্তারকৃত বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের দেওয়া বক্তব্যের সত্যতা যাচাই করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

জিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ঘটনার রাতে হাজী মাজার বস্তি সংলগ্ন মাঠে টঙ্গী পশ্চিম থানা পুলিশের নিয়মিত টহল দল উপস্থিত ছিল এবং দীপের সঙ্গে পুলিশের কথাও হয়েছিল। পাশাপাশি সে রাতে সেখানে কয়েকজন মাদক ব্যবসায়ীর উপস্থিতির তথ্যও উঠে এসেছে। ফলে সেদিন মাঠে ঠিক কী ঘটেছিল এবং তাহসিফ নিজেই তুরাগ নদে ঝাঁপ দিয়েছিলেন কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই রাতে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের নাম-পরিচয়, প্রয়োজনীয় নথিপত্র ও প্রমাণাদি ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে। অনানুষ্ঠানিক কথা হলেও খুব দ্রুতই তাদের আনুষ্ঠানিকভাবে ডেকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে এবং দীপের বর্ণনার সঙ্গে তা মিলিয়ে দেখা হবে।

এদিকে ঘটনার নেপথ্য তথ্য বিশ্লেষণে জানা যায়, গত ২৭ অক্টোবর রাতে উত্তরার একটি বারে মদ্যপান শেষে প্রেমিকা নিশাত তাসনিম দিশার সঙ্গে বিরোধ তৈরি হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তাহসিফ। পরে হেরোইনের খোঁজে বন্ধু দীপকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে টঙ্গীর মাজার বস্তি সংলগ্ন মাঠে যান তিনি।

পরদিন ২৮ অক্টোবর বিকেলে উত্তরখানের রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদ থেকে তাহসিফের ভাসমান মরদেহ উদ্ধার করে টঙ্গী নদী পুলিশ। মরদেহে আঘাতের দৃশ্যমান চিহ্ন না থাকলেও হাতের নখে কাদা লেগে ছিল, যা পানিতে ডুবে মৃত্যুর ইঙ্গিত দেয়।

এ ঘটনায় তাহসিফের বাবা উত্তরখান থানায় একটি হত্যা মামলা করেন। মামলার প্রেক্ষিতে তাহসিফের বন্ধু দীপ ও প্রেমিকা দিশাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে নৌ-পুলিশ।

তদন্তকারীদের মতে, ইজতেমা মাঠের সেই রাতে টহল পুলিশ আসার পর ঠিক কী ঘটেছিল, তাহসিফকে কেউ ধাওয়া করেছিল কি না এবং তিনি কীভাবে নদে পড়ে যান—দীপের বয়ানের পাশাপাশি টহল পুলিশ ও মাঠে উপস্থিত অন্য ব্যক্তিদের বক্তব্য খতিয়ে দেখে এসব প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে।

Related Articles

Back to top button